ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরামূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) নতুন এ দরের ঘোষণা দেয় সংস্থাটি। নির্ধারিত এ নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই সারা দেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ কেজি সিলিন্ডারের পাশাপাশি অন্যান্য পরিমাপের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে সমন্বয় করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা এবং ২০ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৪২ টাকা।
এ ছাড়া ২২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।
আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্য ওঠানামা এবং ডলারের বিনিময় হারসহ সংশ্লিষ্ট পরিবহন ব্যয় পর্যালোচনা করে প্রতি মাসেই ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দর ঘোষণা করে থাকে বিইআরসি।
kalprakash.com/IM