সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৯:১৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ: রাজধানীতে শিক্ষিকা নিহত ও রংপুরের চার খুনে শঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:২৭
শেয়ার: mail
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ: রাজধানীতে শিক্ষিকা নিহত ও রংপুরের চার খুনে শঙ্কা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হঠাৎ করেই জনমনে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সার্বিক পরিস্থিতির চেয়েও সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং নৃশংস অপরাধের ঘটনা সারা দেশের মানুষকে স্তম্ভিত করেছে।

গত ২৯ আগস্ট শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়। ভোর সাড়ে ৬টার দিকে বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সংসদের অধিবেশন চলাকালে সংসদ ভবনের মতো সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় এ ধরনের প্রকাশ্য অপরাধের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে।

এর আগের সপ্তাহে (২২ আগস্ট) রাতে রংপুরের মাছুয়াপাড়া এলাকা থেকে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় মামলা দায়েরের আগেই স্থানীয় দুই ব্যক্তিকে আটক করে পুলিশ দাবি করে, মাদক সেবনে বাধা দেওয়ায় তারা চারজনকে হত্যা করেছে। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই তদন্তের প্রক্রিয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সংশয় দেখা দেয়। বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা, ধর্ষণের আলামত, ডিএনএ ও আঙুলের ছাপের উপস্থিতি এবং পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্যের অমিল নিয়ে বিতর্ক তৈরি হয়। এর আগেও স্পর্শকাতর বিভিন্ন চাঞ্চল্যকর মামলার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমাননির্ভর বক্তব্য ও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সারা দেশে ৯১৫টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হয়েছে; অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ১০টির বেশি খুনের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতার দ্বন্দ্ব ও অপরাধীদের অবাধ তৎপরতা সহিংসতা বাড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময়কালে সৃষ্ট প্রাতিষ্ঠানিক দুর্বলতা, শীর্ষ অপরাধীদের মুক্তি এবং বিচারহীনতার সংস্কৃতির প্রভাব এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এর পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশের কার্যকারিতা ও আস্থার সংকটও দৃশ্যমান। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ: রাজধানীতে শিক্ষিকা নিহত ও রংপুরের চার খুনে শঙ্কা

বিস্তারিত কমেন্টে