শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৪:৪৭

ওআইসির নতুন মহাসচিব নির্বাচন ও মহাসাগরের নাম বদলের ইঙ্গিত ট্রাম্পের

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:৪৯
শেয়ার: mail
ওআইসির নতুন মহাসচিব নির্বাচন ও মহাসাগরের নাম বদলের ইঙ্গিত ট্রাম্পের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন আফ্রিকার দেশ মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে নির্বাচিত করা হয়। সংস্থাটির আনুষ্ঠানিক এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইয়েমেনে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হিসেবে এবং লিবিয়া ও সিরিয়ায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানবিক মিশনে দায়িত্ব পালন করেছেন।

মার্কিন নিষেধাজ্ঞাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিল ইরান তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন থেকে বিরত থাকার জন্য বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান জানিয়েছে, এসব একতরফা নিষেধাজ্ঞায় অংশ নেওয়া মানে স্বাধীন রাষ্ট্রগুলোর ওপর একটি দেশের ‘অবৈধ ইচ্ছা’ চাপিয়ে দেওয়ার শামিল। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন পদক্ষেপকে সম্পূর্ণ অবৈধ ও নিন্দনীয় উল্লেখ করে একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং মানবতাবিরোধী অপরাধ বলে আখ্যা দেয়। বিবৃতিতে বলা হয়, নতুন নিষেধাজ্ঞা লাখ লাখ বেসামরিক মানুষের স্বাস্থ্য ও জীবিকার ওপর মারাত্মক ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তেহরান স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার্থে নিজেদের সব সক্ষমতা ব্যবহার করবে ইরান।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ নেপালের রাসুয়ায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যার পর শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৫৩৮ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে নওয়ালপরাসি পূর্ব, নওয়ালপরাসি পশ্চিম ও চিতওয়ান এলাকা থেকে। উদ্ধার হওয়া মরদেহগুলোর অনেকগুলোই পাহাড়ি নদীর প্রবল স্রোতে ভেসে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে চলে যায়। এ পর্যন্ত রাসুয়ায় ১২, নুয়াকোটে ৩৭, ধাদিঙে ৩৩, গোরখায় ৪৬, চিতওয়ানে ২৮, নওয়ালপরাসি পশ্চিমে ১৩৪ এবং নওয়ালপরাসি পূর্বে ২২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাসুয়ায় ভোতেকোশি নদীতে হড়পা বান দেখা দেওয়ার পর সেই পানি নারায়ণী নদী হয়ে ভারতের গণ্ডক নদীতে প্রবেশ করে।

উগান্ডার সর্বকনিষ্ঠ রাজা ওয়ো নিয়িম্বার প্রয়াণ বিশ্বের সর্বকনিষ্ঠ ক্ষমতাসীন রাজা হিসেবে পরিচিত উগান্ডার ঐতিহ্যবাহী তোরো রাজ্যের রাজা ওয়ো নিয়িম্বা মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রওমিরে আকিকি। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন তিনি। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্ত সংলগ্ন উগান্ডার পশ্চিমাঞ্চলের তোরো রাজ্যের রাজা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। উগান্ডা গণতান্ত্রিক রাষ্ট্র হলেও দেশটির সংস্কৃতিতে ঐতিহাসিকভাবে স্বীকৃত বেশ কয়েকটি রাজতন্ত্র কার্যকর রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়, তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম বদলের ইঙ্গিত ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ‘লেক ওন্টারিও’র নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্বাহী আদেশে স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ‘গালফ অব মেক্সিকো’র নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের এখন একটি উপসাগর এবং একটি হ্রদ রয়েছে, এখন শুধু একটি মহাসাগর দরকার। তাই আমরা আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করতে পারি, এমনকি দুটোর নামই বদলে দিতে পারি।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ওআইসির নতুন মহাসচিব নির্বাচন ও মহাসাগরের নাম বদলের ইঙ্গিত ট্রাম্পের

বিস্তারিত কমেন্টে