চট্টগ্রাম মহানগর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
সভায় শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠান, শোভাযাত্রা ও র্যালিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নির্বিঘ্ন যানবাহন চলাচল নিশ্চিতকরণ এবং ধর্মপ্রাণ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উৎসবকে ঘিরে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল অংশীজনদের (স্টেকহোল্ডার) মধ্যে কার্যকর সমন্বয়, সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
kalprakash.com/IM