দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও জ্বালানি খাতের সংকট নিয়ে জাতীয় সংসদে তীব্র সমালোচনা ও ঝাঁজালো বক্তব্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি অভিযোগ করেন, লাগামহীন মূল্যস্ফীতির কারণে দেশের সাধারণ মানুষের জীবনে আজ চরম নাভিশ্বাস উঠেছে। এ সময় অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করছিলেন।
রুমিন ফারহানা বলেন, ‘১৮০ দিনের অগ্রাধিকার তালিকায় এই সরকারের তিনটি প্রধান কাজের মধ্যে একটি ছিল আইনশৃঙ্খলার কার্যকর উন্নতি, দুই নম্বরে ছিল নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং তিন নম্বরে ছিল জ্বালানি খাতের নিশ্চয়তা বিধান।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে—আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয় ব্যঙ্গ করেন, নয়তো বাকচাতুর্য দিয়ে পুরো সমস্যা ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে প্রকৃত অবস্থা জানা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, তেমন দেশের ৬৪ জেলায় ৬৪টা আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রী থাকলে মন্দ হতো না; দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আজ এতটাই অবনতি হয়েছে।’
kalprakash.com/IM