‘নিজেকে জানাই জ্ঞানের প্রকৃত সূচনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তৃতীয়বারের মতো শুরু হয়েছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। বিশ্ববিদ্যালয়ের পাস্ট ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পাবনা জেলার বিভিন্ন স্কুলের ১৬টি দল অংশগ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ষষ্ঠ তলায় স্কুল পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই বিতর্ক উৎসব চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, পাস্ট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুবাশ্বিরা গালিবা তন্বী এবং সোসাইটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি এবারই প্রথমবারের মতো স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের এই আয়োজনের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে তৃণমূলের শিক্ষার্থীদের মধ্যেও যুক্তি, জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার প্রসার ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘তোমরা এমন একটি সময়ে বেড়ে উঠছ, যখন পৃথিবীর সব তথ্য হাতের মুঠোয়। শুধু তথ্য জানা নয়, তথ্যকে যাচাই-বাছাই করার সক্ষমতাই তোমাদের সবচেয়ে বড় শক্তি। তথ্যকে যুক্তি দিয়ে যাচাই করার এই অভ্যাস শুধু তোমাদের ভালো বিতার্কিক তৈরি করবে না, বরং একজন ভালো মানুষ ও সুনাগরিক হিসেবেও গড়ে তুলবে।’
তিনি আরও বলেন, ‘তখন তোমাদের স্কুল গর্ব করে বলবে—এই শিক্ষার্থী আমাদের ছাত্র। তোমাদের বাবা-মা গর্ব করে বলবেন—আমরা সন্তানকে মানুষের মতো মানুষ করেছি। আর সমাজ ও দেশ তোমাদের ইতিবাচক কাজের স্বীকৃতি দেবে।’
kalprakash.com/IM