বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২২:০৫

বিদ্যুৎ সংকট মোকাবিলায় ঢাকায় লোডশেডিং বাড়িয়ে গ্রামে পুনর্বণ্টনের উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:৪২
শেয়ার: mail
বিদ্যুৎ সংকট মোকাবিলায় ঢাকায় লোডশেডিং বাড়িয়ে গ্রামে পুনর্বণ্টনের উদ্যোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, সঞ্চালন লাইনের সীমাবদ্ধতা এবং অস্বাভাবিকভাবে চাহিদা বৃদ্ধির কারণে সারাদেশে লোডশেডিং পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতি সামাল দিতে ঢাকায় লোডশেডিং সমন্বয় করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ দেশের অন্যান্য অঞ্চল ও গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ জানায়, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ঘাটতি এবং বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে কারিগরি সমস্যার কারণে উৎপাদন কমে গেছে। এর সঙ্গে সঞ্চালন ও গ্রিডের সীমাবদ্ধতা এবং সাম্প্রতিক সময়ে বিদ্যুতের চাহিদা আকস্মিক বেড়ে যাওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে।

লোডশেডিংয়ের তীব্রতা সামলাতে ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করা হচ্ছে। এর ফলে রাজধানীতে সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য প্রান্তে সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের মতে, এই উদ্যোগের ফলে ঢাকার বাইরের শিল্পকারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহক শ্রেণিতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। পাশাপাশি গ্রামাঞ্চলে দীর্ঘ সময় ধরে চলা ঘন ঘন লোডশেডিংয়ের চাপও কিছুটা কমে এসেছে। সরকারের মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের চাপ সুষমভাবে বণ্টন করা, যাতে কোনো নির্দিষ্ট অঞ্চল বা গ্রাহক শ্রেণিকে একটানা দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে না হয়।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টায় দেশে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ২ হাজার ২৫৯ মেগাওয়াট। ওই সময় জাতীয় পর্যায়ে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৬ হাজার ১৭৬ মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন হয়েছিল ১৩ হাজার ৯১৭ মেগাওয়াট।

বিদ্যুৎ বিভাগ আশা প্রকাশ করেছে, জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার এবং গ্রিডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হলে দ্রুতই দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিদ্যুৎ সংকট মোকাবিলায় ঢাকায় লোডশেডিং বাড়িয়ে গ্রামে পুনর্বণ্টনের উদ্যোগ

বিস্তারিত কমেন্টে