দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহীনকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের কারণে আবু সাদাত মো. শাহীনকে প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা শাহীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহীন দাবি করেন, পদ্মা নদীর নৌ চ্যানেল চার্জ আদায়ের জন্য তিনি বৈধ প্রক্রিয়ায় সরকারি ইজারা নিয়েছেন এবং সেখানে কোনো চাঁদাবাজি করা হয় না।
এদিকে একটি মামলার প্রতিবাদে সোমবার হরিরামপুর থানা ঘেরাও কর্মসূচির ডাক দেন শাহীন। পরে থানা ঘেরাও না করে থানার সামনে অবস্থান সমাবেশ করে প্রশাসনের উদ্দেশে কঠোর বক্তব্য দেওয়া হয়। এ বিষয়ে শাহীন জানান, মিথ্যা মামলার প্রতিবাদে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল এবং সেখানে কেবল অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ‘যুবদলের ব্যানারে থেকে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ নেই। কেউ যত বড় নেতাই হোন না কেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘মোল্লা শাহীন কোনো অন্যায়ের শিকার হয়ে থাকলে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারতেন। কিন্তু এভাবে থানা ঘেরাওয়ের কর্মসূচি ডাকার কোনো সুযোগ নেই। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কোনো ব্যক্তির বিতর্কিত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না।’
kalprakash.com/IM