বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫১:১৪

রাকসু জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে প্রশ্ন তুললেন রাবি শিবির সভাপতি

রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৫৫
শেয়ার: mail
রাকসু জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে প্রশ্ন তুললেন রাবি শিবির সভাপতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের দাপ্তরিক ব্যয় হিসেবে দেখানো ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তাঁর অভিযোগ, জিএসের পক্ষ থেকে তুলে ধরা সামগ্রিক ব্যয়ের হিসাব বাস্তবে করা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের বক্তব্যের মাধ্যমে জিএস প্রকৃত ব্যয়ের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার দাপ্তরিক ব্যয় হিসেবে ৩ লাখ ৭০ হাজার টাকা দেখিয়েছেন। এ ব্যয়ের ব্যাখ্যায় আপ্যায়ন ও যাতায়াত খাতে অর্থ ব্যয়ের কথা উল্লেখ করা হলেও এত বড় অঙ্কের টাকা শুধু এসব খাতে ব্যয় হওয়ার বিষয়টি বাস্তবসম্মত নয়। শিক্ষার্থীরাও বিষয়টি ইতিবাচকভাবে নেবেন না।

মুজাহিদ ফয়সাল জানান, এ বিষয়ে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচিত রাকসু প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ব্যয়ের বিস্তারিত হিসাব ও জবাবদিহি চাওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সংস্কৃতি, পরিবেশ ও সমাজকল্যাণ, মিডিয়া ও প্রকাশনা, তথ্য ও গবেষণা, মহিলাবিষয়ক এবং সাহিত্য ও বিতর্ক—এই ছয়টি দপ্তর মিলিয়ে মোট ব্যয় হয়েছে প্রায় ৩৬ হাজার টাকা। পাশাপাশি ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ব্যয়ের তথ্যও পরোক্ষভাবে পাওয়া গেছে। সেখানেও সর্বোচ্চ ১০ থেকে ২০ হাজার টাকার বেশি ব্যয় হওয়ার কথা নয়।

তিনি আরও বলেন, ‘রাকসুর জিএস সামগ্রিকভাবে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের কথা বলছেন। কিন্তু আমরা যেসব তথ্য পেয়েছি, তার সঙ্গে এই হিসাবের কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না। আমাদের মনে হচ্ছে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দায় এড়ানোর চেষ্টা করছেন।’

এ সময় সালাহউদ্দিন আম্মারের কর্মকাণ্ডের দায় ইসলামী ছাত্রশিবির নেবে না উল্লেখ করে মুজাহিদ ফয়সাল বলেন, ‘সালাহউদ্দিন আম্মারের কার্যক্রম বা তাঁর সামগ্রিক কর্মকাণ্ডের দায় আমাদের নয়। কারণ, তিনি আমাদের প্যানেল থেকে নির্বাচিত হননি। তবে আমাদের প্যানেল থেকে নির্বাচিত রাকসু প্রতিনিধিদের কার্যক্রমের দায় ইসলামী ছাত্রশিবির নেবে।’

শিবির সভাপতির এমন বক্তব্যের বিষয়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমি দায় এড়ানোর চেষ্টা করব কেন? আমার কাছে সবকিছুর ভাউচার আছে। ভাউচার ছাড়া আমি কোনো কথা বলিনি।’

সংবাদ সম্মেলনে শাখা শিবিরের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—শতভাগ আবাসন নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাকসু জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে প্রশ্ন তুললেন রাবি শিবির সভাপতি

বিস্তারিত কমেন্টে