রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শতভাগ আবাসিকতার রোডম্যাপ ও রাকসুর তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে সমসাময়িক ক্যাম্পাস পরিস্থিতি নিয়েও নিজেদের অবস্থান ও বক্তব্য তুলে ধরেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
শিবিরের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, তীব্র আবাসন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ সমস্যা দীর্ঘমেয়াদে সমাধানের লক্ষ্যে শতভাগ আবাসন নিশ্চিত করতে সময়ভিত্তিক ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করে তা দ্রুত কার্যকর করতে হবে। একই সঙ্গে তিনি নতুন আবাসিক হল নির্মাণ, বিদ্যমান হলগুলোতে আসন বৃদ্ধি এবং সামগ্রিক আবাসিক সুবিধার গুণগত মান উন্নয়নের জোর দাবি জানান।
আবাসিক হলে আসনবঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ আবাসন ভাতা চালুর দাবি জানিয়ে মুজাহিদ ফয়সাল বলেন, শিক্ষার্থীদের সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান মেডিকেল সেন্টারকে আধুনিক ও পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা প্রয়োজন। এজন্য পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি জরুরি চিকিৎসা, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সিনেট সক্রিয় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন ও বিধি অনুযায়ী সিনেটের কার্যক্রম নিয়মিত ও কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত সিনেট অধিবেশন আয়োজনের বিকল্প নেই।
রাকসু নির্বাচনের বিষয়ে শিবির সভাপতি বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দ্রুততম সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা করতে হবে। পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনীন অংশগ্রহণমূলক করতে ক্যাম্পাসে প্রয়োজনীয় পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন শিবির নেতারা। উপাচার্যের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম।
kalprakash.com/IM