পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ ও গাছের চারা উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর স্বাগত বক্তব্য, মানপত্র পাঠ, স্মৃতিচারণ ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ করে তোমরা এখন কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছ। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। সফল ক্যারিয়ার গড়ার পাশাপাশি একজন মানবিক ও ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলাই হোক লক্ষ্য। দেশপ্রেম মুখে নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “বিভাগের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে গত এক বছরে বিভাগে দুজন শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে। অন্যান্য বিদ্যমান সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চলছে। দেশে অনেক পরিকল্পনাবিদ থাকলেও উন্নয়ন কার্যক্রমে বাস্তবসম্মত পরিকল্পনার প্রতিফলন সব সময় দেখা যায় না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংগীত, নৃত্যসহ বিভিন্ন নান্দনিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয় এ আয়োজন।
kalprakash.com/IM