প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি উভয় পক্ষই কাজ করছে এবং দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়েই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে দায়িত্ব পালনের প্রথম দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “সফরটি নিয়ে দুই দেশই কাজ করছে। ঢাকা ও দিল্লির জন্য সুবিধাজনক সময়েই সফরের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।”
সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকেও ইতিবাচকভাবে দেখছেন বলে জানান নতুন প্রতিমন্ত্রী।
কূটনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ সমুন্নত রেখে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই তাঁর অন্যতম প্রধান দায়িত্ব। তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই সব দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
এ ছাড়া জ্বালানি সহযোগিতার বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আরও কয়েকটি বন্ধুভাবাপন্ন দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান হুমায়ুন কবির।
kalprakash.com/IM