গ্যাসের আমদানি নির্ভরতার কারণেই দেশে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী)। তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকার গত ১৭ বছরে কার্যকর কিছু করেনি, বরং গ্যাস আমদানির নামে ব্যাপক লুটপাট করেছে।”
রবিবার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেসসচিব জানান, শিগগিরই তারেক রহমান সরকারের নেতৃত্বে এ সমস্যার টেকসই সমাধান হবে। তিনি বলেন, “আগামীতে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা আমাদের নিজস্ব উৎস থেকে গ্যাস উৎপাদন করতে পারলে বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না। বিএনপি এ দেশের মানুষের মনের ভাষা বোঝে। সব ধর্ম, বর্ণ ও মতের মানুষকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইতিমধ্যে পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ সব পেশার মানুষের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ হিসেবে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অবশ্যই তার সফল বাস্তবায়ন হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে, এজন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে।”
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
kalprakash.com/IM