পাবনার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, ‘সন্তানকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে সবার আগে মায়েদের স্বপ্ন দেখতে হবে। শুধু শিক্ষকদের ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। বাবা-মায়ের পরেই শিক্ষকের অবস্থান। মায়েদের আরও সচেতন ও কঠোর হতে হবে। শিক্ষকরা ক্লাস ফাঁকি দিলে অভিযোগ করবেন। আপনারা সন্তানদের নিয়ে স্বপ্ন দেখুন। আপনাদের স্বপ্ন পূরণ হলে তারা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এছাড়া গাইড বই পড়ানো থেকেও বিরত থাকতে হবে।’
শনিবার (২২ আগস্ট) সকালে পাবনার চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খুরশিদ আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি এ. এম. জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এম. এ. মাহমুদুল আলম মাহমুদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুন্নাহান সরকার, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হোসেন ফুলচাঁদ প্রমুখ।
kalprakash.com/IM