পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহসিন আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলিয়া থানাধীন দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামের একটি মুদি দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহসিন আলী তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি এলাকার মো. হকদুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, পঞ্চগড় জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল লতিফগছ গ্রামের মজিবর রহমানের মুদি দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে। এ সময় মহসিন আলীকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তেঁতুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পঞ্চগড় জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
kalprakash.com/IM