যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো সংঘাত বা যুদ্ধ শুরু হলে আগের চেয়েও বহুগুণ শক্তিশালী ও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, ইরানের সামরিক অস্ত্র ও সরঞ্জাম উৎপাদন কার্যক্রম কখনোই বন্ধ হয়নি। বর্তমানে আইআরজিসির ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ব্যবহৃত ওয়ারহেডগুলোর ধ্বংসক্ষমতা ও পাল্লা অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।
তিনি আরও উল্লেখ করেন, সামরিক সক্ষমতার প্রতিটি ক্ষেত্রে ইরান প্রতিনিয়ত অগ্রগতি অর্জন করছে। যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুতি বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে যুদ্ধ বাঁধলে আরও আধুনিক, নিখুঁত লক্ষ্যভেদী ও উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহারের প্রস্তুতি রয়েছে তাদের।
সূত্র: পার্সটুডে