হলিউডের আলোচিত দুটি চলচ্চিত্র একসঙ্গে মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। ভৌতিক চলচ্চিত্রের ভক্তদের জন্য এসেছে ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার। হাড়হিম করা ভয়ানক গল্প নিয়ে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল। একই সঙ্গে প্রেক্ষাগৃহে এসেছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি পাও পেট্রোলের তৃতীয় সিনেমা পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি। জুরাসিক যুগের মতো ডাইনোসর, আগ্নেয়গিরি এবং শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান মিলিয়ে দারুণ এক রোমাঞ্চ থাকছে এই চলচ্চিত্রে।
ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার
ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির সবশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ইনসিডিয়াস: দ্য রেড ডোরের পর থেকেই নতুন কিস্তির জন্য অপেক্ষা করছিলেন ভৌতিক সিনেমার দর্শকেরা। সেই ধারাবাহিকতায় এবার সনি পিকচার্স নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজিটির ষষ্ঠ কিস্তি ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার। জ্যাকব চেজ পরিচালিত এই আমেরিকান অতিপ্রাকৃত ভৌতিক সিনেমায় অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্স এবং পূর্বের চরিত্র নিয়ে ফিরেছেন লিন শে।
সিনেমার গল্পে দেখা যাবে, জেমা নামের এক তরুণী মা তাঁর মেয়েকে নিয়ে শৈশবের বাড়িতে বসবাস শুরু করেন। হঠাৎ তিনি আবিষ্কার করেন, তাঁর মধ্যে দ্য ফারদার নামক হারানো আত্মাদের এক অন্ধকার জগতে প্রবেশের বিশেষ ক্ষমতা রয়েছে। কিন্তু এই ক্ষমতা কেবল আত্মাদের জগতে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; তিনি ভুলবশত সেখান থেকে অশুভ সত্তাদের বাস্তব জগতে নিয়ে আসতে পারেন। ফলে বাস্তব পৃথিবীই দানবদের উন্মুক্ত লীলাভূমিতে পরিণত হতে শুরু করে। বাস্তব ও আত্মিক জগতের সীমারেখা ভেঙে পড়ার এই কাহিনিতে জেমা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ।
পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি
জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি হলো ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত পাও পেট্রোল: দ্য মাইটি মুভির সিক্যুয়েল। ক্যাল ব্রুঙ্কার পরিচালিত এ সিনেমায় কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, ফরচুন ফেইমস্টার, জামিলা জামিল, প্যারিস হিলটন, স্নুপ ডগ ও হেনরি বোলানসহ অনেকে।
এ সিনেমায় পাও পেট্রোল দল একটি রহস্যময় ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে জীবন্ত ডাইনোসর অধ্যুষিত এক ট্রপিক্যাল দ্বীপে অবতরণ করতে বাধ্য হয়। সেখানে তাদের পরিচয় হয় দীর্ঘদিন আটকে থাকা জবী নামের এক বুদ্ধিমান কুকুরের সঙ্গে। এদিকে তাদের পুরোনো শত্রু মেয়র হামডিঙ্গার দ্বীপের খনিজ সম্পদ দখলের জন্য খননকাজ শুরু করলে একটি সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠে। এরপর ডাইনোসর ও দ্বীপের প্রাণীদের রক্ষা, আগ্নেয়গিরির বিপর্যয় সামলানো এবং হামডিঙ্গারের চক্রান্ত নস্যাৎ করার অভিযান শুরু করে পাও পেট্রোল ও জবী।
পাও পেট্রোল, ডাইনোসর ও আগ্নেয়গিরির রোমাঞ্চকর সমন্বয় ছাড়াও ব্যাকস্ট্রিট বয়েজের নতুন গান ‘বোটল আপ’ সিনেমাটির অন্যতম আকর্ষণ। শেষ পর্যন্ত সম্মিলিত প্রচেষ্টায় দ্বীপের প্রাণীদের রক্ষা পায় এবং প্রতিকূলতা পেরিয়ে জবীও খুঁজে পায় এক নতুন পরিবার।
kalprakash.com/IM