আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা হিসাব-নিকাশ। নির্বাচনী এই আলোচনায় স্থানীয় জনগণের একটি অংশের প্রত্যাশায় উঠে এসেছে পরিচিত সমাজকর্মী ও শিক্ষানুরাগী মনিরা বিশ্বাসের নাম। উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে তাঁকে দেখতে চান স্থানীয় সাধারণ মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মনিরা বিশ্বাস দীর্ঘদিন ধরে রাণীশংকৈলের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন। বিশেষ করে পিছিয়ে পড়া নারী সমাজ, অসহায় পরিবার এবং শিক্ষা প্রসারে তাঁর উদ্যোগ স্থানীয়দের নজর কেড়েছে। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সদালাপী আচরণের কারণে তিনি এলাকায় গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
স্থানীয় ভোটার ও সচেতন মহলের মতে, রাণীশংকৈলের উন্নয়নের ধারা গতিশীল করতে এবং নারীদের অধিকার নিশ্চিত করতে মনিরা বিশ্বাসের মতো নেতৃত্ব প্রয়োজন। তাঁদের প্রত্যাশা, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পেলে প্রান্তিক এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মনিরা বিশ্বাসকে তাঁরা দীর্ঘ দিন ধরে চেনেন ও জানেন। রাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি সাধারণ মানুষের প্রয়োজনে ছুটে যান। তিনি নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সাধারণ নারীরা সহজেই নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন।
সম্ভাব্য প্রার্থিতার বিষয়ে মনিরা বিশ্বাস বলেন, রাণীশংকৈলের সাধারণ মানুষ তাঁর ওপর যে আস্থা ও ভালোবাসা রেখেছেন, সেটাই তাঁর সবচেয়ে বড় শক্তি। দল ও জনগণের সমর্থন পেলে তিনি সবসময় মানুষের সেবায় কাজ করে যেতে চান। বিশেষ করে এলাকার নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে তিনি কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশার এই সময়ে মনিরা বিশ্বাসের মতো ব্যক্তিত্ব আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই স্থানীয়দের সমর্থনে তিনি আলোচনায় রয়েছেন।
kalprakash.com/IM