উপস্থাপক ক্রিস রককে ২০২২ সালের অস্কার মঞ্চে চড় মেরে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন হলিউড তারকা উইল স্মিথ। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অস্কার কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। এবার সেই আলোচিত অভিনেতাই নাম লেখাতে চলেছেন ভারতীয় সিনেমায়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘জাওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলির নতুন মেগা প্রজেক্ট ‘রাকা’ সিনেমায় দেখা যাবে উইল স্মিথকে। সিনেমাটিতে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি।
ছবিতে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন যোদ্ধার চরিত্রে অভিনয় করলেও উইল স্মিথকে দেখা যাবে অন্যতম প্রধান খলচরিত্রে। ইতোমধ্যে সিনেমাটির জন্য উইল স্মিথের লুক সেট ও পোশাকের প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ভারতের বাইরে তাঁর অংশের দৃশ্যধারণ করা হবে এবং অভিনেতার সুবিধাজনক সময় অনুযায়ী শুটিংয়ের সূচি নির্ধারিত হবে।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও লিখছেন অ্যাটলি কুমার। ভারতীয় সিনেমায় আগে সচরাচর দেখা যায়নি এমন এক কল্পিত জগতের পটভূমিতে তৈরি হচ্ছে এর গল্প, যেখানে থাকবে চোখধাঁধানো অ্যাকশন দৃশ্য।
প্রায় ৮০০ কোটি রুপি বিশাল বাজেটে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফলে উইল স্মিথের অন্তর্ভুক্তি চলচ্চিত্রটির প্রতি আন্তর্জাতিক দর্শকদের আগ্রহ বহু গুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।
kalprakash.com/IM