যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিমতলা–কন্দর্পপুর সড়কের কাটা অংশে কালভার্ট স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির একটি অংশ কাটা থাকায় আশপাশের দুই থেকে তিনটি গ্রামের মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে সড়কটি সচল করার উদ্যোগ নেন ভোজগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামিম হোসেন।
বুধবার সকালে সড়কের কাটা অংশে কালভার্ট স্থাপনের কাজ শুরু হয়। একই সঙ্গে সড়কে মাটি ভরাটের কাজও চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, কাজ শেষ হলে বৃহস্পতিবার থেকেই সড়কটি স্বাভাবিক চলাচলের উপযোগী হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিমতলা থেকে কন্দর্পপুর পর্যন্ত এ সড়ক আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। দীর্ঘদিন ধরে সড়কের একটি অংশ কাটা থাকায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি শামিম হোসেনকে জানানো হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
মো. শামিম হোসেন জানান, এলাকাবাসী বিষয়টি জানানোর পর ঘটনাস্থল পরিদর্শন করে সমস্যাটি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার সকালে কালভার্ট স্থাপন করা হয়েছে এবং বর্তমানে মাটি ফেলার কাজ চলছে। আশা করা যাচ্ছে, বৃহস্পতিবার থেকেই রাস্তাটি আগের মতো চলাচলের উপযোগী হবে। ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় জানিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
কালভার্ট স্থাপনের সময় উপস্থিত ছিলেন ভোজগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রহমত আলী, সাংগঠনিক সেক্রেটারি আবু বক্কার, মাওলানা মিজানুর রহমান ও ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ইকবাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে কালভার্ট স্থাপনের এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে। দ্রুত মাটি ভরাটসহ আনুষঙ্গিক কাজ শেষ করে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তাঁরা।
kalprakash.com/IM