দেশকে সামনে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমাদের সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে—আমরা অতীতে ফিরে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। সেজন্যই আমরা সবাইকে সাথে নিয়ে সামনে এগোতে চাই। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একত্রিত হয়ে একযোগে কাজ করতে হবে।’
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটি রাষ্ট্রে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থাকে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তর রয়েছে। স্বাভাবিকভাবেই নানা সুবিধা-অসুবিধা ও সমস্যা থাকবে। সরকার যে নীতি প্রণয়ন করবে, তা সবার স্বার্থ বিবেচনা করেই বাস্তবায়ন করা হবে।’
জাতীয় রাজস্ব বোর্ডের অতীত সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজস্ব বোর্ডে কিছু সমস্যা ছিল, যা আপনারা তুলে ধরেছেন। অতীতে যা হয়েছে তা পেছনে ফেলে আমরা সবাইকে নিয়ে সামনে এগোতে চাই। ভবিষ্যতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটাই প্রত্যাশা। রাজস্ব বোর্ডের যৌক্তিক দাবি ও প্রত্যাশাগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাইকে সঙ্গে নিয়ে নতুন করে দেশ গঠন করতে চাই। প্রশাসনে যারা সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন, তাদের কাজের আরও বেশি সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে, যাতে তারা দেশের উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখতে পারেন। আর সেই অনুকূল ও স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে সরকার সর্বোচ্চ আন্তরিক থাকবে।’
kalprakash.com/IM