মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ইরান পূর্ণাঙ্গ আক্রমণাত্মক সামরিক অবস্থানে যাওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নাকচ করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে গভীর শঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বিশ্ববাজারে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭৫ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৫ ডলারে উঠেছে, যা ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ দর।
কূটনৈতিক অচলাবস্থার পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে অচলাবস্থা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ছে। মঙ্গলবার হরমুজ প্রণালি থেকে বের হওয়ার পথে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ধারাবাহিক নিরাপত্তা ঝুঁকির কারণে এই প্রণালি দিয়ে নিয়মিত ট্যাংকার চলাচল মারাত্মকভাবে কমে গেছে।
এদিকে লোহিত সাগরে সৌদি আরবের সামরিক জাহাজবহর লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলার তথ্য জানিয়েছেন হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। অন্যদিকে কৌশলগত হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের সমঝোতা প্রক্রিয়ার জবাবে উপসাগরীয় দেশ ওমানে সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কেসিএম (KCM)-এর প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার ও ডিবিএস ব্যাংকের জ্বালানি বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের স্থায়ী কোনো সমাধান না এলে এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বল্পমেয়াদে তেলের বাজার ব্যারেলপ্রতি ৮০ থেকে ১০০ ডলারের ঘরে ওঠানামা করবে।
kalprakash.com/IM