‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে দর্শকদের তুমুল উন্মাদনার মধ্যেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন আরও একটি হলিউডি সায়েন্স-ফিকশন চলচ্চিত্র ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’।
শুক্রবার (১৪ আগস্ট) দেশের বিভিন্ন আধুনিক প্রেক্ষাগৃহ ও সিনেপ্লেক্সে প্রদর্শনী শুরু হয় চলচ্চিত্রটির। ১৯৮০-এর দশকের শুরুর দিকের একটি আমেরিকান শহরতলিকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প।
সিনেমার কাহিনীতে দেখা যায়, ওক স্ট্রিট এলাকায় মা, বাবা ও দুই সন্তান নিয়ে বসবাস করে প্ল্যাট পরিবার। আপাতদৃষ্টিতে পরিবারটিকে সুখী মনে হলেও ভেতরে ভেতরে নানামুখী টানাপোড়েন ও দূরত্বে জর্জরিত তারা। তবে সেই পারিবারিক জীবনের স্বাভাবিক ছন্দ এক রাতেই পুরোপুরি পাল্টে যায় এক রহস্যময় মহাজাগতিক ঘটনার কারণে। পুরো এলাকা রাতারাতি রূপ নেয় প্রাগৈতিহাসিক যুগে। পরদিন সকালে ঘুম ভেঙে প্ল্যাট পরিবারের সদস্যরা দেখতে পায় তাদের চেনা শান্ত শহরতলি উধাও, আর চারপাশের উন্মুক্ত প্রাঙ্গণে দাপিয়ে বেড়াচ্ছে বিশালাকার সব ডাইনোসর। এমন বৈরী ও রোমাঞ্চকর পরিবেশে পরিবারের টিকে থাকার সংগ্রাম নিয়েই এগিয়ে চলে সিনেমাটির চিত্রনাট্য।
রহস্য ও রোমাঞ্চে ভরপুর ভিজ্যুয়াল ইফেক্টসমৃদ্ধ চলচ্চিত্রটি দেশের সিনেপ্রেমী দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলবে বলে আশা করছেন হল কর্তৃপক্ষ।
kalprakash.com/IM