বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কোনো অবস্থাতেই স্থানীয় পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তর না করাসহ ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে ঝুলে থাকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি অনতিবিলম্বে প্রকাশের জোর দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা এসব দাবি ও পরবর্তী কর্মসূচি তুলে ধরেন।
বাংলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন মুন্না ও ১৩তম ব্যাচের শিক্ষার্থী হাসান সজিবের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা বজায় রাখতে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের এখতিয়ার কোনোভাবেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়া যাবে না। অনাগত দিনে এ ধরনের বিতর্কিত ও স্বার্থান্বেষী সিদ্ধান্ত নেওয়া থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, হাজার হাজার চাকরিপ্রার্থী বেকার তরুণের চরম অনিশ্চয়তা বিবেচনা করে বিগত ৩ বছর ধরে থমকে থাকা ১৯তম শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি অবিলম্বে জারি করতে হবে। এছাড়া সরকারি ও বেসরকারি সর্বস্তরের চাকরি ও নিয়োগ পরীক্ষায় প্রযুক্তিগত জালিয়াতি রুখতে অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে পরীক্ষার সার্বিক স্বচ্ছতা সুনিশ্চিত করার দাবি জানান তারা।
kalprakash.com/IM