যশোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর আগের দিন ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ক্লাবের বার্ষিক সাধারণ সভা।
যশোর প্রেসক্লাব আহ্বায়ক কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন।
সভায় সদ্য সমাপ্ত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে আগামী দেড় মাসের মধ্যে ক্লাবের নতুন সদস্যপদ প্রদান, দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করা এবং সঠিকভাবে ক্লাব পরিচালনাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত বকেয়া সদস্য চাঁদা, মিডিয়া হাউসের ঘরভাড়া এবং ক্লাবের কাছে সদস্যদের যেকোনো পাওনা বা দায়-দেনা থাকলে তা আগামী ২০ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে। একই সঙ্গে দ্রুত একটি অডিট ফার্মের মাধ্যমে ক্লাবের সামগ্রিক হিসাব-নিকাশের অডিট সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল প্রেসক্লাব যশোর এবং ক্লাবের সদস্য প্রাক্তন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে নিয়ে অপপ্রচার ও মিথ্যাচার চালিয়ে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে সভায় তীব্র নিন্দা জানানো হয়। এসব অপপ্রচারের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আহ্বায়ক কমিটি।
সভায় অন্যদের মধ্যে আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম. আইউব ও আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM