পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় সুবিধাবঞ্চিত পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। একই সঙ্গে যোগাযোগব্যবস্থা সহজীকরণে নবনির্মিত দুটি বাঁশের সাঁকো স্থানীয় বাসিন্দাদের কাছে হস্তান্তর করেছে মাটিরাঙ্গা জোন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (মাটিরাঙ্গা জোন) এ কর্মসূচি আয়োজন করে।
গুইমারা ইউনিয়নের নারায়ণ কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে দেড় শতাধিক স্থানীয় অধিবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নূরে রেজওয়ান তৌফিক রিজভী।
একই অনুষ্ঠানে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও খেলনা বিতরণ করা হয়। পাশাপাশি নারায়ণপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাইল্যাছড়ি ছড়ার ওপর নির্মিত দুটি বাঁশের সাঁকো উন্মুক্ত করে দেওয়া হয়। এর মাধ্যমে গুইমারা ইউনিয়নের ৭টি গ্রামের দুই শতাধিক পরিবারের চলাচলের পথ সুগম হলো।
দূর্গম অঞ্চলে সেনাবাহিনীর এমন কল্যাণমুখী উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা জোন অধিনায়কসহ সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন উপকারভোগীরা।
মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নূরে রেজওয়ান তৌফিক রিজভী জানান, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খানের নির্দেশনা মোতাবেক পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর্তমানবতার সেবায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সেনাসদর ও স্থানীয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, স্থানীয় হেডম্যান ত্রিবেদী নারায়ণ ত্রিপুরা, গুইমারা ইউপির প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা, পঞ্চকুমার ত্রিপুরা কার বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM