পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নিজ উদ্যোগে পুনঃনির্মাণ করে দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের দীর্ঘদিনের ক্ষোভ ও দুর্ভোগের অবসান ঘটল।
সোমবার (১০ আগস্ট) দুপুরে পুনর্নির্মিত এ স্কুল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদসহ বেলছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় অধিবাসীরা জানান, বিদ্যালয়টির জরাজীর্ণ অবস্থার কারণে বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ত এবং শ্রেণিকক্ষের দেয়াল খসে পড়ে পাঠদান প্রায় ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীদের ঝুঁকি বিবেচনা করে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি ভবনটি সংস্কার ও নতুন করে নির্মাণের উদ্যোগ নেন।
উদ্বোধনী বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। দুর্গম প্রান্তিক এলাকার এই বিদ্যালয়টি পুনর্নির্মাণে ওয়াদুদ ভূইয়া এমপির এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।”
স্কুলের নতুন ভবন পাওয়ায় খুদে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।
kalprakash.com/IM