বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮ | রাত ১১:২৬:৩৯

বেনাপোল চেকপোস্টে দুটি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৩৪
শেয়ার: mail
বেনাপোল চেকপোস্টে দুটি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ২০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ মোবারক হোসেন (৩৮) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা শাখা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহযোগিতায় বেনাপোল আইসিপির বহির্গমন টার্মিনাল থেকে ওই যাত্রীকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

আটক মোবারক হোসেন মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার চর সন্তোষপুর (পঞ্চসার) গ্রামের তাজউদ্দীনের ছেলে। তাঁর পাসপোর্ট নম্বর A09326789।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহির্গমন টার্মিনালে মোবারক হোসেনের গতিবিধির ওপর নজরদারি চালানো হয়। তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁর প্যান্টের পকেট তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শরীরে বা পায়ুপথে আরও স্বর্ণ লুকানো রয়েছে কি না তা নিশ্চিত হতে ওই যাত্রীকে স্থানীয় রজনী ক্লিনিকে নিয়ে এক্স-রে পরীক্ষা করা হয়, তবে অতিরিক্ত কোনো স্বর্ণ পাওয়া যায়নি।

কাস্টমস সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার ও বার কাস্টমস গোডাউনে জমা দেওয়া হয়েছে। আটক মোবারক হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক চেকপোস্টে আধুনিক সনাক্তকরণ প্রযুক্তির সীমাবদ্ধতার সুযোগ নিয়ে পাচারকারীরা নানা কৌশল অবলম্বন করছে। সীমান্ত দিয়ে কার্যকরভাবে স্বর্ণ পাচার রোধে আধুনিক স্ক্যানিং মেশিন ও ডিজিটাল সনাক্তকরণ ব্যবস্থা স্থাপনের তাগিদ দিয়েছেন তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward