কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ জন শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ ২০২৫–২৬’ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে স্কলারশিপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিন।
শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এ শিক্ষাবৃত্তির আওতায় মোট ছয়টি ক্রীড়া ইভেন্টে ছেলে ও মেয়ে মিলিয়ে ১৪ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। সাধারণত প্রতি ইভেন্ট থেকে দুই জন করে নির্বাচন করা হলেও বালক ফুটবল ও ভলিবল ইভেন্ট থেকে তিন জন করে শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব বিকাশে অনন্য ভূমিকা রাখে। এই বৃত্তির আর্থিক মূল্যের চেয়ে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির গুরুত্ব অনেক বেশি, যা শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে ভালো পারফর্ম করতে উৎসাহিত করবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন কুবিতে খেলাধুলার সার্বিক মানোন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ ও স্পোর্টস অবকাঠামো সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস ব্যক্ত করেন।
kalprakash.com/IM