বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | ভোর ৪:০১:০৯

পুলিশ-ডিবি পরিচয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে প্রতারণা

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৪৭
শেয়ার: mail
পুলিশ-ডিবি পরিচয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে প্রতারণা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে ফোন করে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি জুলাই মাসেই একই কায়দায় তিনটি প্রতারণার তথ্য সামনে আসায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জানা যায়, গত ২৯ জুলাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর মোবাইল বন্ধ থাকার সুযোগে তাঁর বাবার কাছে পুলিশ পরিচয়ে ফোন দেয় প্রতারকরা। ছেলেকে মাদকসহ গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে ওই অভিভাবকের কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

এর ঠিক একদিন পর (৩০ জুলাই) এক নারী শিক্ষার্থীর মাকে ফোন করে ডিবি পরিচয়ে জানানো হয়, তাঁর মেয়েকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হোটেল থেকে আটক করা হয়েছে। পরবর্তীতে ফোনের অপর প্রান্তে কান্নার আওয়াজ শোনানোসহ নানা কৌশলে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। তবে সচেতন থাকায় ও তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে বড় আর্থিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় সেই পরিবার।

এর আগে গত ৭ জুলাইও ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর বাবার কাছ থেকে একইভাবে গাঁজাসহ গ্রেপ্তারের মিথ্যা নাটক সাজিয়ে ২ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।

পরীক্ষার সময়সূচি, শিক্ষার্থীদের ব্যক্তিগত বিবরণ ও অভিভাবকদের মোবাইল নম্বর কীভাবে বাইরের প্রতারক চক্রের কাছে পৌঁছাচ্ছে—তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তথ্য ফাঁসের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি জানান, “অপরিচিত নম্বর থেকে এমন স্পর্শকাতর ফোন এলে আতঙ্কিত না হয়ে আগে শিক্ষার্থী, সহপাঠী বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে যাচাই করা জরুরি। প্রতারণার শিকার এক অভিভাবক ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে জানিয়েছেন। পুলিশ প্রশাসনকেও বিষয়টি অবগত করে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward