মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:১৭:০৩

বৃক্ষনিধন বন্ধের দাবিতে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:০৬
শেয়ার: mail
বৃক্ষনিধন বন্ধের দাবিতে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও ক্যাম্পাসে বৃক্ষনিধনের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলও।

শনিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিকল্প পরিকল্পনা গ্রহণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা। একই সঙ্গে বৃক্ষনিধনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন সরকার বলেন, বৃক্ষের প্রতি ভালোবাসা থেকেই শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। গাছ না কেটে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ বজায় রাখতে তারা সব সময় বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে তার সংগঠন সব সময় সর্বাত্মক সহযোগিতা করবে। গাছগুলো সংরক্ষণ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হলে বিশ্ববিদ্যালয় আরও সুন্দর পরিবেশ পাবে। ছাত্রদল শিক্ষার্থীদের নিয়েই কাজ করতে চায় এবং শিক্ষার্থী ও ক্যাম্পাসই তাদের প্রথম অগ্রাধিকার। তারা একটি সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে চান।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন শৌখিন বলেন, ক্যাম্পাসের প্রতিটি গাছের সঙ্গে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অসংখ্য স্মৃতি, পরিশ্রম ও অবদান জড়িয়ে আছে। দীর্ঘদিনের সেই প্রচেষ্টা ব্যর্থ করা উচিত নয়। তিনি গাছগুলো সংরক্ষণ করে বিকল্প পরিকল্পনায় সড়ক নির্মাণের দাবি জানান।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার জাহান লেলিন বলেন, ক্যাম্পাসে বারবার গাছ কাটা হচ্ছে এবং উন্নয়ন ও প্রকৃতিকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অথচ পর্যাপ্ত জায়গা রয়েছে, যেখানে গাছ সংরক্ষণ করেই রাস্তা সম্প্রসারণ সম্ভব। তিনি বলেন, তাদের একমাত্র দাবি হলো ক্যাম্পাসের সবুজ পরিবেশ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণ করা।

উল্লেখ্য, মানববন্ধনে অংশগ্রহণকারীরা গাছ বাঁচান, পরিবেশ বাঁচান এবং প্রকৃতি ও উন্নয়নের টেকসই সমাধান চাইসহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ক্যাম্পাসের সবুজ পরিবেশ সংরক্ষণে প্রশাসনকে শিক্ষার্থীদের মতামত গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। পরে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward