ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল বাজার থেকে ১ হাজার টাকার ১২টি জাল নোটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের কলাপট্টিতে মো. ফেরদৌস মিয়ার কলার দোকানে এক ব্যক্তি কলা কিনে ১ হাজার টাকার একটি নোট দেন। নোটটি জাল বলে সন্দেহ হলে দোকানদার ও স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে একই সিরিয়ালের আরও ১২টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
খবর পেয়ে নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জাল নোটগুলো জব্দ করেন এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যান।
আটক ব্যক্তি মো. লিটন মিয়া (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালি শিমুল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া জাল নোটগুলোর মোট মূল্য ১২ হাজার টাকা। সবগুলোই ১ হাজার টাকার নোট।
এ ঘটনায় এসআই মাহবুব আলম সরকার বাদী হয়ে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫এ(বি)/২৫(ডি) ধারায় মামলা নং-১৭ (তারিখ: ২৪ জুলাই ২০২৬) রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।