২০২৬ বিশ্বকাপ শেষে লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে বিশেষ বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্টের সমাপ্তিকে শুধু ফাইনালের ফলাফলে সীমাবদ্ধ না রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে রানার্সআপ আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে ইনফান্তিনো লেখেন, আর্জেন্টিনার জন্য কী অসাধারণ একটি ফিফা বিশ্বকাপ! অবিস্মরণীয় প্রত্যাবর্তন এবং লড়াকু মানসিকতা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে। বিশ্বের ফুটবলপ্রেমীদের এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছে, যা তারা কখনো ভুলবে না।
তিনি আরও লেখেন, ২০২২ সালে শিরোপা জয়ের পর আবারও ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের ধারাবাহিক উৎকর্ষের প্রমাণ। এই বিশ্বকাপকে বিশেষ করে তোলার জন্য এবং শেষ পর্যন্ত এত আবেগ ও নিষ্ঠার সঙ্গে লড়াই করার জন্য আর্জেন্টিনা দলকে ধন্যবাদ জানান তিনি।
আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে ইনফান্তিনোর এই বার্তা এমন এক সময়ে এসেছে, যখন দলটি বিশ্বজুড়ে নানা সমালোচনার মুখে রয়েছে। বিশ্বকাপ শেষে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও ব্যঙ্গাত্মকভাবে সেই সমালোচকদের ধন্যবাদ জানিয়েছিলেন।
অন্যদিকে দলের আরেক তারকা রদ্রিগো ডি পল ফাইনালের পর ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের কড়া জবাব দেন।
তবে ইনফান্তিনো বিতর্কের দিকে না গিয়ে আর্জেন্টিনার ইতিবাচক দিকগুলোই তুলে ধরেছেন। বিশেষ করে মেসি ও তার সতীর্থদের লড়াকু মানসিকতা, ধারাবাহিক সাফল্য এবং বিশ্বকাপে তাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।
স্পেনকেও অভিনন্দন
শুধু আর্জেন্টিনাই নয়, ২০২৬ বিশ্বকাপে শীর্ষ চারে থাকা প্রতিটি দলের জন্য আলাদা বার্তা প্রকাশ করেছেন ফিফা সভাপতি। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে ইনফান্তিনো লেখেন, দক্ষিণ আফ্রিকায় শিরোপা জয়ের ১৬ বছর পর স্পেন আবারও ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ফুটবলের ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় যুক্ত হলো, যা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। পরিবার, সমর্থক এবং পুরো জাতির সঙ্গে উদযাপন করুন। ফুটবল ইতিহাসে নিজেদের স্থান আপনারা অর্জন করেছেন।
kalprakash.com/IM