বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তেজগাঁও কলেজ সংসদের উদ্যোগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: আকাঙ্ক্ষা ও বাস্তবতা শীর্ষক একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত এ সভায় তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা বিদ্যমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে মুক্তভাবে মতামত তুলে ধরেন। একই সঙ্গে একটি বৈষম্যহীন, বিজ্ঞানমনস্ক, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নিজেদের প্রত্যাশা ও প্রস্তাব উপস্থাপন করেন। শিক্ষার্থীদের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারে তাদের মতামতের গুরুত্বকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরে।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তেজগাঁও কলেজ সংসদের সদস্য মোহাম্মদ হাবিবুন্নবী নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত শিক্ষার্থীদেরই। কিন্তু তাদের কথা বলার সুযোগ খুবই সীমিত। সেই জায়গা থেকেই এই মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, সংকট ও প্রত্যাশার কথা তুলে ধরতে পারেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া একটি বিজ্ঞানমনস্ক, বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এই আলোচনা সভা সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি মনে করেন।
kalprakash.com/IM