সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের সাগরদিঘী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামে।
পারিবারিক ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, জাহিদ টাঙ্গাইলে একটি বিয়ের দাওয়াত শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পথে সাগরদিঘী এলাকায় তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জাহিদ অটোরিকশার সামনের আসনে বসেছিলেন। সংঘর্ষে তিনি বুকে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
জাহিদের অকাল মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার ও তার বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মধ্যে বিরাজ করছে শোকের আবহ।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোশারফ হোসেন। উপাচার্যের অনুমোদনক্রমে জাহিদের জানাজায় অংশগ্রহণের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসন থেকে একটি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে জাহিদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
kalprakash.com/IM
আবু সাঈদ, জাককানইবি প্রতিনিধি 

























