শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৩৩:১০

পদ্মা নদীর চরাঞ্চলে আবারও মিলল বিষধর রাসেল ভাইপার

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৪৮
শেয়ার: mail
পদ্মা নদীর চরাঞ্চলে আবারও মিলল বিষধর রাসেল ভাইপার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও একটি বিষধর রাসেল ভাইপার উদ্ধার হয়েছে। মাছ ধরার জালে ধরা পড়লেও সচেতনতার পরিচয় দিয়ে সাপটিকে হত্যা না করে নিরাপদে সংরক্ষণ করেন এক জেলে। পরে বন বিভাগ ও ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’-এর সহযোগিতায় জীবিত অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার হারুকান্দি এলাকার পদ্মা নদীর চরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্ধারমানিক এলাকার জেলে সুজন সোমবার রাতে পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। মঙ্গলবার ভোরে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান, একটি জীবিত রাসেল ভাইপার জালে আটকা পড়েছে। প্রথমে কিছুটা আতঙ্কিত হলেও তিনি সাপটিকে আঘাত না করে সতর্কতার সঙ্গে একটি নেটের মধ্যে রেখে আন্ধারমানিক খেয়াঘাটে নিয়ে আসেন।

জেলে সুজন বলেন, “সাপটি মেরে ফেলিনি। নিরাপদে ধরে রেখেছি, যাতে বন বিভাগের লোকজন এসে উদ্ধার করতে পারে।”

রাসেল ভাইপার আটকের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ আন্ধারমানিক খেয়াঘাটে ভিড় করেন। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগকে অবহিত করেন।

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’-এর সহযোগিতায় সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে একাধিকবার রাসেল ভাইপার উদ্ধারের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়লেও বিশেষজ্ঞরা সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পদ্মা নদীর চরাঞ্চলে আবারও মিলল বিষধর রাসেল ভাইপার

বিস্তারিত কমেন্টে