জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডে নদীভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে ৩০ মিটার জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার (৩০ জুন) দ্বিতীয় ধাপে আরও ৬০ মিটার ডাম্পিং কাজের সূচনা করা হয়।
মঙ্গলবার দুপুরে সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলীর পরিদর্শনের পর অধিক ভাঙনপ্রবণ স্থান চিহ্নিত করে কাজের উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম মাস্টার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় আকস্মিক ভাঙন শুরু হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপের কাজ শেষে এখন দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে।
সংশ্লিষ্টরা আরও জানান, দ্বিতীয় ধাপের কাজ শেষ হওয়ার আগেই প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে নদীভাঙন স্থায়ীভাবে রোধে একটি স্থায়ী বাঁধ নির্মাণের লক্ষ্যে বৃহৎ প্রকল্প গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ দ্রুত শেষ হলে নদীভাঙনের ঝুঁকি অনেকটাই কমে আসবে এবং তাদের জানমাল ও বসতভিটা সুরক্ষিত থাকবে।
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

















