বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের প্রাথমিক ক্যাডার সুপারিশ তালিকায় গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ ১৫ জন ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়ে শীর্ষস্থান অর্জন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এ সাফল্যের মাধ্যমে গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে নতুন মাইলফলক গড়েছে বিশ্ববিদ্যালয়টি।
বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ১৫ জন হলেন— রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মনিরুজ্জামান হাসান (পররাষ্ট্র ক্যাডার), অর্থনীতি বিভাগের নাহিদ হাসান (পুলিশ ক্যাডার), রসায়ন বিভাগের শাওরাত জাহান সুমি (প্রশাসন ক্যাডার), লোকপ্রশাসন বিভাগের গোপাল দেবনাথ (পুলিশ ক্যাডার), ইংরেজি বিভাগের তানজিল আহাদ রঞ্জু (প্রশাসন ক্যাডার), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শফিকুল ইসলাম রাকিব (প্রশাসন ক্যাডার), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাকেশ রায় (প্রশাসন ক্যাডার), ইংরেজি বিভাগের রুবেল হোসেন (শিক্ষা ক্যাডার), রসায়ন বিভাগের আবদুল্লাহ আন নোমান (শিক্ষা ক্যাডার), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সায়কত খন্দকার (আনসার ক্যাডার), সমাজবিজ্ঞান বিভাগের আবদুল্লাহ মারুফ (শিক্ষা ক্যাডার), ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাজ্জাত এইচ. দালিম (শিক্ষা ক্যাডার), একই বিভাগের রাশেদ ইসলাম (শিক্ষা ক্যাডার), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. সাজ্জাদ হোসাইন (শিক্ষা ক্যাডার) এবং ইংরেজি বিভাগের শাহানা মুন্নী (অডিট ও অ্যাকাউন্টস ক্যাডার)।
গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাবিপ্রবি) থেকে ৪ জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) থেকে ৩ জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অন্যদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) থেকে ১ জন করে প্রার্থী ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত না হলেও ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ক্যাডারের সংখ্যায় তাদেরও ছাড়িয়ে গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
শুধু বিসিএসেই নয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস), বাংলাদেশ বার কাউন্সিল, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান, গুগলসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি এবং দেশ-বিদেশের উচ্চশিক্ষা ও স্কলারশিপ অর্জনেও ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে দক্ষিণাঞ্চলের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয়।
বরিশাল প্রতিনিধি 



















