কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ অর্থবছরে মেধাবৃত্তি, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ও স্পোর্টস ক্যাটাগরিতে মোট ৪০২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাদ্দ রেখেছে মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।
রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২১-২২ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় আসবেন।
মেধাবৃত্তি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৬ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। ফলাফলে প্রথম স্থান অর্জনকারী ৬৮ জন শিক্ষার্থী পাবেন ৮ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬৭ জন পাবেন ৮ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী ৭৩ জন পাবেন ৭ হাজার ৫০০ টাকা করে।
বিভাগভিত্তিকভাবে ব্যবস্থাপনা শিক্ষা ও মার্কেটিং বিভাগে ১৪ জন করে, আইন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও ইংরেজি বিভাগে ১৩ জন, গণিত বিভাগে ১২ জন, অ্যাকাউন্টিং, প্রত্নতত্ত্ব, অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগে ১১ জন, রসায়ন, সিএসই, আইসিটি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১০ জন এবং পদার্থবিজ্ঞান, ফার্মেসি, বাংলা, লোক প্রশাসন ও নৃবিজ্ঞান বিভাগে ৯ জন করে মেধাবৃত্তি পাবেন।
অন্যদিকে, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ক্যাটাগরিতে ১৮২ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার টাকা। এ ক্যাটাগরির প্রত্যেক শিক্ষার্থী পাবেন ৭ হাজার ৫০০ টাকা করে।
এ ছাড়া খেলাধুলায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১২ জন শিক্ষার্থীকে স্পোর্টস শিক্ষাবৃত্তি দেওয়া হবে। তাদের প্রত্যেকে পাবেন ৮ হাজার ৫০০ টাকা করে। এ খাতে মোট বরাদ্দ ১ লাখ ২ হাজার টাকা।
অসচ্ছল মেধাবৃত্তির ক্ষেত্রে গণিত, পরিসংখ্যান, রসায়ন, ইংরেজি, বাংলা, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, এআইএস, ব্যবস্থাপনা শিক্ষা, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং আইন বিভাগে ১০ জন করে, পদার্থবিজ্ঞান ও সিএসই বিভাগে ৯ জন করে এবং ফার্মেসি, প্রত্নতত্ত্ব ও আইসিটি বিভাগে ৮ জন করে শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরী বলেন,
“শিক্ষার্থীদের কল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে ২০২৫-২৬ অর্থবছরে মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড এবং স্পোর্টস স্কলারশিপ—এই তিনটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে আর্থিক অসচ্ছলতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের একাডেমিক ফলাফল ও সিজিপিএকে প্রাধান্য দেওয়া হয়েছে।”
কুবি প্রতিনিধি 





















