ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ চুরি হওয়া একটি অটোচার্জার ভ্যান উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোরকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রুহিয়া থানায় দায়ের করা একটি চুরি মামলার (মামলা নং-০৯, জিআর-৪৭/২০২৬, ধারা ৩৭৯/৩৪, পেনাল কোড) তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রুহিয়া ইউনিয়নের মধুপুর (কালিতলা) গ্রামের শাহিন ইসলামের ছেলে মো. রাজু ইসলাম (৩০) এবং একই এলাকার ধুমেরহাট গ্রামের জাকির হোসেনের ছেলে ১৭ বছর বয়সী এক কিশোর। শিশু সুরক্ষা নীতিমালার কারণে কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের হেফাজত থেকে চুরি হওয়া একটি অটোচার্জার ভ্যান উদ্ধার করা হয়।
মামলার তদন্তভার গ্রহণ করেছেন রুহিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাম বাবু রায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

















