জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের ৫৪ বছরের ইতিহাসে এমন বাজেট আগে কখনো হয়নি। এটি একটি গণবান্ধব বাজেট, যা কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে প্রণয়ন করা হয়েছে।
শনিবার দুপুরে নাটোর সদর উপজেলা হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় বক্তব্য দেন কৃষিবিদ নীলিমা জাহান, কৃষক ওসমান গনীসহ অন্যান্য অতিথিরা।
হুইপ দুলু বলেন, দেশের ইতিহাসে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার সর্ববৃহৎ বাজেট ঘোষণা করা হয়েছে। তিনি দাবি করেন, স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে এবার সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। অতীতে অর্থ পাচার ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের মতো বৈশ্বিক সংকটময় সময়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তারেক রহমানের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের জন্য কিষাণ কার্ডের মাধ্যমে সার, বীজ ও সুদমুক্ত ঋণের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদানের বিষয়টিও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমানের পরিবর্তনে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
নাটোর প্রতিনিধি 






















