মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ১২:১৬:১৭

নজরুলজয়ন্তী উদ্বোধনে আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৪৫
শেয়ার: mail
নজরুলজয়ন্তী উদ্বোধনে আজ ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় একটি স্থানীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর ২টায় ত্রিশাল ডাকবাংলোয় পৌঁছানোর কথা রয়েছে।

ডাকবাংলোয় মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পর্যায়ের নজরুলজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও কবির স্মৃতিচারণের আয়োজন রাখা হয়েছে।

এরপর বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এক বিশেষ সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি। সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো ত্রিশালজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে কয়েক বছর পর এবার জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তী উদযাপিত হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে নজরুল একাডেমি মাঠে বসেছে ঐতিহ্যবাহী মেলা। পাশাপাশি নজরুল মঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward