তিস্তা নদী কেন্দ্রিক বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার কাজ চলমান রয়েছে।
সোমবার (১৮ মে) রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সামনে বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা। তিনি উত্তরবঙ্গের মানুষের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকার গঠনের মাত্র তিন মাস হয়েছে এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর সম্ভাব্য সময় নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, একনেকে ইতোমধ্যে পদ্মা নদী ব্যারাজ প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তিস্তা মহাপরিকল্পনার জন্যও বরাদ্দ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ফারাক্কা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী ১১ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হবে। তিনি জানান, সরকার নতুন করে আলোচনার মাধ্যমে চুক্তি নবায়নের বিষয়ে কাজ করছে। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সময়কার ১৯৭৭ সালের চুক্তিকে সবচেয়ে কার্যকর বলে উল্লেখ করেন।
এর আগে ‘ক্রীড়াই হবে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনার সুযোগ তৈরি হবে।
নিজস্ব প্রতিবেদক 


















