রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (র.)-এর মাজারে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১৬ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, ১৪ মে দিবাগত রাতে মাজার প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে তারা বলেন, ছাত্রশিবির একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক ছাত্রসংগঠন, যা দেশের আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। ধর্মীয় উপাসনালয় বা মাজারে হামলা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির মতো কর্মকাণ্ড তাদের নীতি ও আদর্শের পরিপন্থি।
নেতারা অভিযোগ করেন, ঘটনার সঠিক তদন্ত না করেই কিছু গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহল ছাত্রশিবিরকে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তাদের দাবি, স্থানীয় পর্যায়ে এটি একটি ভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সংঘটিত বিশৃঙ্খলা ছিল।
তারা আরও বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা উচিত।
অনলাইন ডেস্ক 

























