ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবা সেবন ও গাঁজা বিক্রির অভিযোগে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ছবির মিয়া (৩০), পিতা ফিরোজ মিয়া এবং কল্পনা বেগম (৪৫), স্বামী আলমগীর মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় ছবির মিয়াকে ইয়াবা সেবনরত অবস্থায় এবং কল্পনা বেগমকে গাঁজা বিক্রির অভিযোগে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁরা স্বেচ্ছায় অপরাধ স্বীকার করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পাশাপাশি কসবা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
kalprakash.com/IM