শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব ধরনের চোরাচালান, মাদক ও মানব পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ছাড়া বিভিন্ন সময়ে সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জানমাল রক্ষায় অবদান রেখে চলেছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো কোস্ট গার্ডের আওতাধীন এলাকাগুলোয় হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়সহ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে কোস্ট গার্ডের ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করা হবে।
টহল কার্যক্রম বৃদ্ধিসহ স্পর্শকাতর স্থানগুলোয় গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।
কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ এলাকায় ঢাকা জোনে ৩৭টি, পূর্ব জোনে (চট্টগ্রাম) ৬৩টি, পশ্চিম জোনে (মোংলা) ১৪৪টি ও দক্ষিণ জোনে (ভোলা) ৩৭১টিসহ মোট ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বাহিনীটি।
তিনি বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয় রক্ষা করা ও যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, গুজব কিংবা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রতিমা বিসর্জনের দিন অতি উৎসাহী জনগণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে ওঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানকালে সবার লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না ওঠার পরামর্শ দেওয়াসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা নিয়েছে কোস্ট গার্ড।
এ ছাড়া প্রতিমা বিসর্জনের স্থানগুলোয় নৌকাডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্ধারের জন্য কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম ১৬ অক্টোবর ২০২৬ থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যাবে।
সূত্র: বাসস
kalprakash.com/IM