আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাঙামাটি রিজিয়ন কমান্ডারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন, আনসার, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, মেডিকেল, ফায়ার সার্ভিস ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা অংশ নেন।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ও টহল জোরদার, যানবাহন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি চিহ্নিতকরণ, আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী যাতে কোনো বিব্রতকর পরিস্থিতির মুখে না পড়ে, সে লক্ষ্যে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে সব সময় সতর্ক থাকার নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রস্তুতি ও গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
kalprakash.com/IM