রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট ভোরে রিকশায় চড়ে ফার্মগেট যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন শিক্ষিকা রনজিনা পারভীন। এ সময় চলন্ত মোটরসাইকেল থেকে ছিনতাইকারীরা তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে তিনি চলন্ত রিকশা থেকে পাকা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এর আগে এ মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’কে এক সহযোগীসহ গ্রেপ্তার করে র্যাব-২। সে সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তারই ধারাবাহিকতায় এবার গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করল।
kalprakash.com/IM