স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা ও ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট সাতটি ধাপে এই নির্বাচন সম্পন্ন হবে। এর মধ্যে প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর দেশের ৮০টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
ঘোষিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট নেওয়া হবে ৩০ ডিসেম্বর। এরপর আগামী ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ এবং ২২ এপ্রিল ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সর্বজনীন করার লক্ষ্যে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশনের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী সার্বিক কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক এ সংলাপে বসবে ইসি।
kalprakash.com/IM