আগামী ২০২৮ সালের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন কারিকুলাম বা শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধিত শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘অক্সফোর্ড একিউএ লিডারশিপ সেমিনারে’ অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মান সময়োপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম প্রণয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি শিক্ষার মান বজায় রাখতে প্রাথমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধিত শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হবে।
প্রাথমিক শিক্ষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, শিক্ষকদের প্রযুক্তিগত বিষয়ে স্পষ্ট ও বাস্তবসম্মত জ্ঞান থাকতে হবে। শ্রেণিকক্ষে প্রযুক্তিনির্ভর পাঠদানের দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি। এছাড়া বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যমসহ দেশের সব ধারার প্রাথমিক বিদ্যালয়ে অভিন্ন কারিকুলাম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সাথে দেশের উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতেও বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ উন্নত বিশ্বের আধুনিক শিক্ষাব্যবস্থার নানা উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই শিশুর মেধা ও মননের সুষম বিকাশ ঘটাতে হবে। একটি বৈষম্যহীন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সমাজের সব স্তর থেকে কার্যকর সহযোগিতার আহ্বান জানান তিনি।
kalprakash.com/IM